দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমানো হয়। এ নিয়ে টানা পাঁচ দফায় প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭১ টাকা কমেছে।
নতুন করে কোনো ঘোষণা না আসায় বুধবার (১৮ নভেম্বর) দেশের বাজারে আগের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সাত হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ২১৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
/এসআই




