সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নতুন এফএসআরইউতে ২০ বছরে সাশ্রয় হবে ২৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

নতুন এফএসআরইউতে ২০ বছরে সাশ্রয় হবে ২৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী
সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত

মহেশখালীর কুতুবদিয়ায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট-এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই টার্মিনালের মাধ্যমে বড় আকারের এলএনজি কার্গো আমদানির সুযোগ তৈরি হবে। এতে প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯ হাজার ডলার সাশ্রয় সম্ভব হবে। ২০ বছর মেয়াদি চুক্তিতে বছরে ৫০টি কার্গো আমদানির হিসাবে মোট ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে ৩০০ বিধিতে নতুন এফএসআরইউ স্থাপন নিয়ে দেওয়া বিবৃতিতে মন্ত্রী এসব তথ্য জানান। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

তিনি বলেন, তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়ে কিছুটা তথ্য বিভ্রাট তৈরি হয়েছে। খণ্ডিত ও ভুল তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকেও বিভিন্ন বক্তব্য আসছে। দেশের স্বার্থে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে বিবৃতি দেওয়া হচ্ছে।

নতুন এফএসআরইউর সক্ষমতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে দুটি এফএসআরইউ রয়েছে। এগুলোর প্রতিটির এলএনজি সংরক্ষণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। নতুন যে এফএসআরইউ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির সংরক্ষণক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার। অর্থাৎ, বিদ্যমান প্রতিটি টার্মিনালের তুলনায় এর ধারণক্ষমতা প্রায় ২৬ শতাংশ বেশি।

তিনি বলেন, অধিক ধারণক্ষমতার এফএসআরইউ নির্মাণ ও পরিচালনায় তুলনামূলক বেশি মূলধনী বিনিয়োগ প্রয়োজন হয়। ফলে এর দৈনিক ভাড়াও বেশি হওয়া স্বাভাবিক। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন টার্মিনাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এফএসআরইউটি ২০১৬ সালে নির্মিত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে থাকা দুটি এফএসআরইউ নির্মিত হয়েছিল ২০০৫ ও ২০০৬ সালে। ২০০৮ সালে নির্মিত একটি এফএসআরইউ সংগ্রহের প্রস্তাবও ছিল। কিন্তু গত আগস্টে একটি এফএসআরইউ নষ্ট হওয়ার কারণে দেশকে যে চড়া মূল্য দিতে হয়েছে, তার পুনরাবৃত্তি সরকার চায়নি। ওই ঘটনায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও গৃহস্থালি গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছিলেন। তাই বাজারে সহজলভ্যতা বিবেচনায় তুলনামূলক নতুন জাহাজটি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিগ্যাসিফিকেশন সক্ষমতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে থাকা দুটি এফএসআরইউ প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করতে পারে। নতুন এফএসআরইউতে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে। সবগুলো একসঙ্গে চালু করলে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। তবে একটি ইউনিট স্ট্যান্ডবাই রেখে দৈনিক ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস রিগ্যাসিফাই করার পরিকল্পনা রয়েছে।

নতুন টার্মিনালের সুবিধা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে এখনো স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নেই। ফলে ভাসমান সংরক্ষণাগারই এ মুহূর্তে দেশের জন্য একমাত্র বিকল্প। নতুন এফএসআরইউর ধারণক্ষমতা বেশি হওয়ায় অতিরিক্ত এলএনজি মজুত রাখা সম্ভব হবে। পাশাপাশি এতে মস ও মেমব্রেন উভয় ধরনের এলএনজি পরিবহনকারী জাহাজ ভেড়ানোর সুযোগ থাকবে। বিদ্যমান দুটি টার্মিনালে এ ধরনের সুবিধা নেই।

বড় জাহাজ ভেড়ানোর সুযোগের ফলে বেশি পরিমাণে এলএনজি একসঙ্গে আমদানি করা যাবে জানিয়ে মন্ত্রী বলেন, বড় কার্গো কেনার মাধ্যমে প্রতি ইউনিটে ৫ থেকে ১০ সেন্ট ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। হিসাব অনুযায়ী, প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯ হাজার ডলার সাশ্রয় সম্ভব। বছরে ৫০টি কার্গো এবং ২০ বছর মেয়াদি চুক্তির ভিত্তিতে মোট ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে দুটি এফএসআরইউ দিয়ে বছরে প্রায় ১১৫টি কার্গো গ্রহণ করা সম্ভব। প্রতিটি জাহাজ আসা ও বের হওয়ার ক্ষেত্রে তিন থেকে চার দিনের ব্যবধান রাখতে হয়। এর মধ্যে অন্য জাহাজ এসে পৌঁছালে সেটিকে বঙ্গোপসাগরে অপেক্ষা করতে হয়। অপেক্ষার প্রতিটি ঘণ্টার জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়। বড় কার্গো আমদানির সুযোগ তৈরি হলে জাহাজের মধ্যবর্তী বিরতি বাড়বে এবং কার্গো ব্যবস্থাপনা সহজ হবে।

জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে এলএনজি সরবরাহ নিশ্চিত করাও নতুন এফএসআরইউ সংগ্রহের অন্যতম উদ্দেশ্য। সংকটকালেও সরকারের প্রচেষ্টায় এক দিনের জন্য এলএনজি সরবরাহ বন্ধ হয়নি। তবে এফএসআরইউতে ত্রুটির কারণে সরবরাহ বিঘ্নিত হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সংরক্ষণক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় গ্যাস গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কোনো কারণে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ হয়ে গেলে পরে আবার সরবরাহ চালু করলেও জাতীয় গ্রিডে গ্যাসের চাপ স্বাভাবিক হতে সময় লাগে। বিশেষ করে গ্যাসের চাপ কমে গেলে তা পুনরায় স্বাভাবিক করতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। নতুন টার্মিনালে বেশি এলএনজি সংরক্ষণের সুযোগ থাকলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করতে চায় সরকার। কোনো টাকার অপচয় তো নয়ই, একটি পয়সারও যেন অপচয় না হয়, সেটি নিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম লক্ষ্য।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর