রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যে অনিয়ম, ব্যবস্থা নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যে অনিয়ম, ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এমপি সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার তদারকি করছে।

সরকারি মূল্য কার্যকর না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়ম দায়ী।

এসব অনিয়ম প্রতিরোধে সরকার নিয়মিত বাজার তদারকি ও বিশেষ অভিযান পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধ মজুতদার, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়ম চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী জানান, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে এ পর্যন্ত গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ৫৪২টি বাজার তদারকি করা হয়েছে। এসব তদারকিতে ৭৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এমএইচএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর