দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময়ের মধ্যে পরিস্থিতি ঠিক করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এর কিছুক্ষণ পর দেওয়া আরেকটি পোস্টে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের প্রসঙ্গ টেনে বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি।
এমআর/এএম




