শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির নাম যাত্রাবাড়ী আড়ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির নাম যাত্রাবাড়ী আড়ত
রাজধানীর যাত্রাবাড়ী সবজির আড়ত। ছবি- ঢাকা মেইল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এর মধ্যে একটু সাশ্রয়ের আশায় অনেকেই ছুটছেন রাজধানীর পাইকারি বাজারগুলোতে। এমনই একটি বাজার যাত্রাবাড়ী আড়ত। 

পাড়া-মহল্লার খুচরা বাজারের তুলনায় এখানে মাছ, মাংস ও সবজির দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কম পাওয়া যাচ্ছে। ফলে তুলনামূলক কম দামে পছন্দের পণ্য কিনতে প্রতিদিনই এ বাজারে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে ওঠে পুরো আড়ত।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী আড়ত ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন অংশে চলছে মাছ, মাংস ও সবজির বেচাকেনা। কেউ পরিবারের জন্য প্রয়োজনীয় বাজার করছেন, কেউ আবার একসঙ্গে কয়েক দিনের বাজার কিনে নিচ্ছেন। 

অন্যদিকে পাড়া-মহল্লার ছোট দোকানের ব্যবসায়ীরাও এখান থেকে পাইকারি দামে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। তুলনামূলক কম দামে পণ্য পাওয়ায় সাধারণ ক্রেতাদের পাশাপাশি খুচরা ব্যবসায়ীদেরও অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে এ আড়ত।

S

বাজারে সবজির মধ্যে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা, ছোট আকারের বেগুন ৪০ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৫০ টাকা, আলু ৯০ টাকা, পেঁয়াজ ২১০ থেকে ২৭০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং লাউ ৫০ টাকায়। এ ছাড়া কলা বিক্রি হচ্ছে ২০ টাকায়।

মাছের বাজারেও রয়েছে বিভিন্ন সমাহার। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৮০ টাকা, কাতলা ২৮০ থেকে ৫৫০ টাকা, পুঁটি ২০০ থেকে ৩০০ টাকা, কই ৩০০ থেকে ৪০০ টাকা, শিং ৩৫০ থেকে ৫০০ টাকা, চাষের মাগুর ১৯০ থেকে ২৫০ টাকা, পাবদা ২৩০ থেকে ৪৫০ টাকা এবং পাঙ্গাস ১৯০ থেকে ৩০০ টাকায়। অন্যদিকে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।

বাজার করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাড়া-মহল্লার বাজারে একই পণ্য কিনতে তুলনামূলক বেশি টাকা খরচ করতে হয়। বিশেষ করে মাছ ও সবজির দামে পার্থক্য থাকায় যাত্রাবাড়ী আড়ত থেকে বাজার করলে কিছুটা স্বস্তি মেলে। যাদের পরিবারের সদস্য বেশি কিংবা একসঙ্গে কয়েক দিনের বাজার করতে হয়, তাদের জন্য এ বাজার বেশ সুবিধাজনক।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী শামীম আহসান বলেন, ‘পাড়া-মহল্লার বাজারে গেলে একই মাছ বা সবজি কিনতে অনেক সময় বেশি টাকা দিতে হয়। এখানে দাম তুলনামূলক কম। একসঙ্গে কয়েক ধরনের পণ্য কিনলে কিছু টাকা বাঁচানো যায়। সংসারের খরচের মধ্যে বাজারের পেছনেই বড় একটি অংশ চলে যায়। তাই যেখানে কিছুটা কম দামে পাওয়া যায়, সেখান থেকেই কেনার চেষ্টা করি।’

গৃহিণী রাবেয়া আক্তার বলেন, ‘এখানে বাজার করতে এলে পণ্যের দাম যাচাই করে কেনার সুযোগ থাকে। এক দোকানে বেশি চাইলে অন্য দোকানে গিয়ে দেখা যায় কিছুটা কমে পাওয়া যাচ্ছে। তবে সব পণ্যের দাম এক রকম নয়। মাছের ক্ষেত্রে আকার ও মান অনুযায়ী দামেও পার্থক্য রয়েছে। সব মিলিয়ে পাড়া-মহল্লার বাজারের চেয়ে এখানে কেনাকাটা করে কিছুটা সাশ্রয় হয়।’

S

আড়তের ব্যবসায়ী সিদ্দিকুর বলেন, ‘এখানে মূলত পাইকারি ও খুচরা দুই ধরনের ক্রেতাই আসেন। পাড়া-মহল্লার অনেক দোকানদার এখান থেকে মাছ, সবজি ও অন্যান্য পণ্য কিনে নিয়ে যান। সাধারণ ক্রেতারাও সরাসরি এসে কিনতে পারেন। পরিমাণ ও পণ্যের মান অনুযায়ী দামে কিছুটা পার্থক্য হয়।’

আরেক বিক্রেতার ভাষ্য, ‘শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতার চাপ বেশি থাকে। অনেকে পরিবারের জন্য বাজার করেন, আবার দোকানিরা নিজেদের ব্যবসার জন্য পণ্য নিয়ে যান। বেচাকেনা ভালো হলে আমাদেরও সুবিধা হয়। তবে বাজারে পণ্যের সরবরাহ ও কেনা দামের ওপর বিক্রয়মূল্য নির্ভর করে।’

আড়তের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখান থেকে কেনা পণ্য রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার বাজার ও দোকানে সরবরাহ করা হয়। পাইকারি পর্যায় থেকে খুচরা পর্যায়ে যাওয়ার সময় পরিবহন খরচ, দোকান ভাড়া ও অন্যান্য ব্যয় যুক্ত হওয়ায় শেষ পর্যন্ত ক্রেতাদের বেশি দামে পণ্য কিনতে হয়। সরাসরি আড়ত থেকে কেনার সুযোগ থাকায় সাধারণ ক্রেতারা সেই বাড়তি খরচের কিছুটা এড়াতে পারেন।

তবে ক্রেতাদের প্রত্যাশা, শুধু যাত্রাবাড়ী আড়ত নয়, রাজধানীর সব বাজারেই পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকুক। বাজারে পর্যাপ্ত সরবরাহ, সঠিক মূল্যতালিকা এবং নিয়মিত তদারকি নিশ্চিত হলে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হবে বলে মনে করেন তারা।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর