‘মাছ-মাংসের দাম শুনলেই আর কিনতে সাহস পাই না। বাজারে এসে দাম জিজ্ঞেস করি, কিন্তু অনেক সময় দাম শুনে না কিনেই ফিরে যেতে হয়। সবজির দাম কিছুটা কমেছে ঠিকই, কিন্তু মাছ, মাংস ও ডিমের দাম এখনো বেশি। সংসারের খরচ মেটাতে গিয়ে প্রতিদিনই হিসাব করতে হচ্ছে।’
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে এমন আক্ষেপের কথাই জানালেন ক্রেতা শামীম রেজা।
তার মতো অন্য ক্রেতারাও বলছেন, সবজির দাম কিছুটা কমলেও মাছ-মাংসসহ অন্যান্য পণ্যের উচ্চ দামে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
রাজধানীর মিরপুর-৬ ও মিরপুর ৬০ ফিট এলাকার বাজার ঘুরে দেখা যায়, শীতের আগমনে সরবরাহ বাড়তে শুরু করায় কয়েকটি সবজির দাম কমেছে। তবে মাছ, মাংস ও ডিমের বাজারে তেমন স্বস্তি নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। গরু ও খাসির মাংসের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। অন্যদিকে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ।
বাজারে বর্তমানে বড় আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারেরগুলো ৩০ থেকে ৩৫ টাকা। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। বড় আকারের ফুলকপির দাম আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কমেছে। নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগে নতুন আলু প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।
তবে পুরনো আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায়। কাঁচা মরিচের দামও আগের তুলনায় কমেছে। আগে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।
বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে তার কোনো প্রতিফলন নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। বাজারে আকারভেদে প্রতি কেজি ইলিশ ১০০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের অনেকের পক্ষেই ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।
আমিষের অন্যতম উৎস ডিমের দামেও স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে পরিবারের দৈনন্দিন খাবারের তালিকায় ডিম রাখতেও বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
ক্রেতারা বলছেন, শীতের সবজির দাম কিছুটা কমলেও মাছ, মাংস ও ডিমের উচ্চ দাম স্বস্তি দিচ্ছে না। প্রতিদিনের বাজারে সব ধরনের পণ্য কিনতে গিয়ে আয়ের বড় অংশ খরচ হয়ে যাচ্ছে। প্রয়োজন থাকলেও অনেক সময় দাম বেশি হওয়ায় পছন্দের মাছ বা মাংস কেনা সম্ভব হচ্ছে না।
৬০ ফিট কাঁচা বাজারে কথা হয় ছাপড়া মসজিদ এলাকার বাসিন্দা আরমান হোসেনের সঙ্গে। তিনি বলেন, বা‘জারে এসে মাছ-মাংসের দাম জিজ্ঞেস করলেই অনেক সময় কেনার আগ্রহ চলে যায়। রুই মাছ, কাতলা কিংবা পাবদা কিনতে গেলেই কেজিতে কয়েক’শ টাকা খরচ করতে হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১২০০ টাকার বেশি। এসব পণ্য প্রতিদিন কেনা সম্ভব নয়। সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু মাছ-মাংসের দাম বেশি থাকায় সেই স্বস্তি কাজে আসছে না।’
অন্যদিকে বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে মাছ, মাংস ও ডিমের বাজারে তেমন পরিবর্তন নেই। পাইকারি বাজারে কেনা দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে এসব পণ্যের দাম কমানো সম্ভব হচ্ছে না।
কাজীপাড়া এলাকার কাঁচাবাজারের মাছ বিক্রেতা জালাল উদ্দিন বলেন, মাছের বাজারে গত সপ্তাহের তুলনায় খুব বেশি পরিবর্তন নেই। বেশির ভাগ মাছের দাম আগের মতোই রয়েছে। তবে মাছের আকার, ধরন ও সরবরাহের ওপর দাম কিছুটা কমবেশি হচ্ছে।
তিনি আরও জানান, ক্রেতারা এখন দাম শুনে পরিমাণে কম কিনছেন। আগে যারা এক কেজি বা তার বেশি মাছ কিনতেন, তাদের অনেকেই এখন আধা কেজি কিংবা ছোট আকারের মাছ নিচ্ছেন। মাছের দাম বেশি থাকায় বিক্রিও কিছুটা কমেছে।
এএইচ/এএইচ




