কানাডার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রফতানি বাড়াতে দেশের প্রায় ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে (এসএমই) প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও বাজার সম্প্রসারণে সহযোগিতা দেবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) কানাডা।
পাঁচ বছর মেয়াদি ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ (ট্রাইসেগ) প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হবে। উপকৃত উদ্যোক্তাদের বড় একটি অংশ হবেন নারী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে যৌথভাবে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।
অনুষ্ঠানে জানানো হয়, কানাডা সরকারের অর্থায়নে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৬টি দেশে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এর আওতায় প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়াতে সহায়তা করা হবে। তাদের ৬৭ শতাংশই নারী উদ্যোক্তা। বাংলাদেশের প্রায় ২০০ এসএমই উদ্যোক্তা এ প্রকল্পের আওতায় সহযোগিতা পাওয়ার সুযোগ পাবেন।
উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রফতানির প্রস্তুতি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, অর্থায়নের সুযোগ তৈরি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশেষ করে দেশের পাটখাতের এসএমই উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরিতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় রফতানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক বিষয় নয়, বরং অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। একটি সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে নারী উদ্যোক্তা ও অপেক্ষাকৃত কম প্রতিনিধিত্বশীল উদ্যোগগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা জরুরি।
তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ এবং সরাসরি বাজার সংযোগের মাধ্যমে ট্রাইসেগ প্রকল্প এসএমই উদ্যোক্তাদের রফতানি সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি করবে।
প্রধান অতিথির বক্তব্যে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রফতানি আয় ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি পণ্যের রফতানি গন্তব্যের শীর্ষ ১০ দেশের মধ্যে কানাডা অন্যতম। দেশটিতে বাংলাদেশের রফতানির পরিমাণ ১৫০ কোটি ডলারে পৌঁছেছে।
তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাট ও পাটজাত পণ্যের রফতানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আশাব্যঞ্জক। তবে এলডিসি উত্তরণের পর রফতানি খাতকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ অবস্থায় রফতানির টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পণ্যের বহুমুখীকরণের বিকল্প নেই।
আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত শিল্পের বেহাল দশা, ৫৫টির মধ্যে লাভে মাত্র ৫টি
বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, দেশের পাট ও পাটজাত পণ্য খাতের অগ্রগতি সন্তোষজনক হলেও পণ্যের বহুমুখীকরণের অভাবসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসরণ ও গুণগত মান নিশ্চিত করতে হবে। এ প্রকল্প পাটখাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসব ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ বলেন, প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশের পাটখাতের এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। এর ফলে তাদের উৎপাদিত পণ্যের কানাডার বাজারে প্রবেশাধিকার বাড়বে।
লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হলেও পাটজাত পণ্যে মূল্য সংযোজনের অভাবে প্রায় ৩০০ কোটি ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। পণ্যের বহুমুখীকরণ, মূল্য সংযোজন, উদ্ভাবন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়ানোর মাধ্যমে এ প্রকল্প দেশের পাটখাতের সম্প্রসারণে ভূমিকা রাখবে।
আলোচনায় বাংলাদেশে কানাডার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম অংশ নেন।
এ সময় সাইফুল ইসলাম আগামী ১০ বছরের জন্য পাটজাত পণ্যে শুল্কমুক্ত সুবিধা, কাঁচা পাটের মূল্য নির্ধারণ এবং সরবরাহব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান। প্রতিমা চক্রবর্তী পাটখাতের নারী উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা এবং পণ্যের সনদ ও মান পরিপালনের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবে অনেক এসএমই উদ্যোক্তা ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের ‘উইমেন এন্ট্রাপ্রেনার ডেভেলপমেন্ট ফান্ড’-এর আওতায় ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।
অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআর/এমআর




