বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ওমান-মালয়েশিয়া থেকে আসবে ৫ এলএনজি, মহেশখালীতে বসছে নতুন এফএসআরইউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

ওমান-মালয়েশিয়া থেকে আসবে ৫ এলএনজি, মহেশখালীতে বসছে নতুন এফএসআরইউ
এলএনজিবাহী একটি কার্গো জাহাজ। ফাইল ছবি

২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) সঙ্গে বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব রয়েছে।

একই সঙ্গে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। এতে ১৫ বছর মেয়াদে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা অথবা ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি এসপিএ-১ ও এসপিএ-২ এবং স্বল্পমেয়াদি চুক্তি এসপিএ-৩-এর আওতায় ২০২৭ সালে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া মালয়েশিয়ার প্রতিষ্ঠান পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। তবে উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) জেকেএমের (জাপান-কোরিয়া মার্কার) চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম।

অন্যদিকে, মহেশখালীর কুতুবজোমে নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ দেশের এলএনজি আমদানি ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ প্রকল্পের জন্য জিটুজি পদ্ধতিতে চীনের প্রতিষ্ঠান সিএনইই দরপ্রস্তাব দাখিল করেছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা এবং ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

এসএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর