বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম নেই, এমন বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা অর্থ পরিশোধের নিশ্চয়তা দিতে পারবে দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো। এসব প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্টদের পক্ষে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসএলসি) বা অন্য কোনো ধরনের অর্থ পরিশোধের নিশ্চয়তা দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে আগের নির্দেশনার বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে বলা হয়েছে, এ সুবিধা শুধু বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম নেই, এমন বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৬ সালের ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩২-এর ৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির কাছে প্রদেয় উদ্বৃত্ত আয়ের বিপরীতে তাদের এজেন্টদের পক্ষে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট কিংবা অন্য কোনো ধরনের অর্থ পরিশোধের নিশ্চয়তা দেওয়ার অনুমতি রয়েছে এডি ব্যাংকগুলোর।
তবে নতুন নির্দেশনায় এ অনুমতির পরিধি স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ১৮-বি ধারার বিধান অনুযায়ী, যেসব বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির বাংলাদেশে কোনো ব্যবসায়িক কার্যক্রম নেই, শুধু সেসব প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্টদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।
অন্যদিকে, বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে এমন বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির ক্ষেত্রে অর্থ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে তাদের স্থানীয় কার্যক্রমের অনুকূলে। এ ক্ষেত্রে নিশ্চয়তা দিতে হবে দেশীয় মুদ্রা টাকায়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রধান অফিসে পাঠানো হয়েছে।
টিএই/এআর




