দীর্ঘ এক যুগের বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য ক্রয় করা ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। আদালতের চূড়ান্ত রায় ও নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আইনানুগ প্রক্রিয়ায় ভবনটির দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম শেষে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল বুঝিয়ে দেন।
দখল হস্তান্তরের সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক মো. ইছমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, আইন বিভাগের উপমহাব্যবস্থাপক গোলাম কবির, সহকারী মহাব্যবস্থাপক প্রীতিশ কান্তি মল্লিকসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভবনের দখল বুঝে পাওয়ার পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য ক্রয় করা ভবনটির বর্তমান অবস্থায় দখল বুঝে পাওয়া গেছে। এ জন্য তাঁরা আদালতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর সেখানে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব ভবনে প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তর করা সম্ভব হলে ব্যাংকের আর্থিক সাশ্রয় হবে।
ব্যাংক সূত্রে জানা যায়, বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের জন্য মতিঝিলে নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। ভবনটির নিচতলা থেকে ১২তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারিত ছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়নি। এতে ব্যাংকের স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয় বেসিক ব্যাংক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ও আদেশ ব্যাংকের পক্ষে আসে।
বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ স্বাক্ষরিত আদেশে ব্যাংকের অনুকূলে ভবনটির দখল প্রদানের নির্দেশ দেওয়া হয়। ওই আদেশের ভিত্তিতে মঙ্গলবার আদালতের প্রতিনিধিদের উপস্থিতিতে আইনানুগভাবে ভবনটির দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বেসিক ব্যাংক কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে ভবনটির দখল গ্রহণ ব্যাংকের সম্পদ ও স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অর্জন। এর ফলে নিজস্ব সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পথ সুগম হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমানতকারীদের স্বার্থ রক্ষা, সম্পদ সংরক্ষণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে বেসিক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ব্যাংকের সব সম্পদের যথাযথ সংরক্ষণ ও জনস্বার্থে সর্বোত্তম ব্যবহারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
টিএই/এআর




