দুই দেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে কোরিয়ান বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা ও পণ্য আমদানিতে বিদ্যমান জটিলতা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পে যৌথ বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।
দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া এবং এ-সংক্রান্ত বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে। বৈঠকে চুক্তির খসড়া চূড়ান্ত করা এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের নীতিগত ও পরিচালনাগত সমস্যাগুলো দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরিয়ান বিনিয়োগকারীদের অংশগ্রহণে একটি যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০টি কোরিয়ান প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের জন্য গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালাসংক্রান্ত প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরে এগুলো নিরসনের অনুরোধ জানান তিনি।
এসব সমস্যা সমাধানে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাহাজ নির্মাণ শিল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ খাতে যৌথ উদ্যোগে বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এ লক্ষ্যে বাংলাদেশে বিশেষায়িত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।
প্রস্তাবটিকে ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম/এসআই




