বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন বাংলাদেশিরা। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন বিভাগের পরিচালক মুনিরা ইসলাম। সার্কুলারে বলা হয়েছে, চলতি হিসাবের আওতায় বৈধ লেনদেন সহজ করা এবং বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে আরও নমনীয়তা আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো চিকিৎসার খরচ বাবদ সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে এর বেশি অর্থ পাঠাতে হলে আগের মতোই বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়মে শিথিলতা এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। তবে এ ক্ষেত্রে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত অ্যাকাডেমিক শিক্ষা কার্যক্রমের জন্যও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এসব ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রয়োজনীয় অর্থ ছাড় করতে পারবে।
সার্কুলারে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে আনা ও তা জমা রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশি আবাসিক নাগরিকেরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখতে চাইলে তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সিদ্ধান্তগুলো কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিনিময়সংক্রান্ত বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন করা হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
টিএই/এআর




