বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো, গুরুত্ব বাণিজ্য-বিনিয়োগে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো, গুরুত্ব বাণিজ্য-বিনিয়োগে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬।  এতে মার্কিন পণ্য, সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্ব জোরদার এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস যৌথভাবে এর আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেড শোর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

এ ছাড়া অ্যামচেম বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে। ইউএস ট্রেড শোর মতো আয়োজন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ তৈরি করে।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি বাণিজ্য ও বিনিয়োগ। প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যেতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিল্প খাতে দক্ষতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা জোরদারে মার্কিন প্রতিষ্ঠানগুলোর উন্নত প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ককে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দেয়। ইউএস ট্রেড শো দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতিফলন। মার্কিন কোম্পানিগুলোর বিশ্বমানের পণ্য, সেবা ও প্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণ, বিনিয়োগ উৎসাহিত করা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে যুক্তরাষ্ট্র আগ্রহী।

অ্যামচেম বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, তিন দশক ধরে ইউএস ট্রেড শো মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের বাজারের সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের ৩০তম আয়োজন দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে নতুন অংশীদারত্ব তৈরি এবং দুই দেশের মধ্যে আরও শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এবারের ট্রেড শোতে বিভিন্ন খাতের মার্কিন পণ্য, সেবা ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এতে দর্শনার্থী ও ব্যবসায়িক প্রতিনিধিরা নতুন উদ্ভাবন সম্পর্কে জানার পাশাপাশি মতবিনিময় এবং ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।

প্রদর্শনীর পাশাপাশি অর্থনীতি ও ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এসব আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, নারী নেতৃত্ব, বিদেশে বিনিয়োগ, পারস্পরিক বাণিজ্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও ডিজিটাল অর্থনীতি। অধিবেশনগুলোতে নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে আলোচনা করবেন।

দীর্ঘদিন ধরে ইউএস ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তুলে ধরা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এবারের ৩০তম আসর আগামী ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর