বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্জিত লভ্যাংশ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি কোম্পানির অগ্রাধিকার শেয়ারের বিপরীতে সর্বোচ্চ ৫ শতাংশ হারে লভ্যাংশ বিদেশে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না। একই সঙ্গে অগ্রাধিকার শেয়ার ইস্যু, পরিশোধ ও রূপান্তরের ক্ষেত্রেও কিছু নিয়ম শিথিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অগ্রাধিকার শেয়ার ইস্যুকারী কোম্পানি, অনিবাসী বা বিদেশি বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর করণীয় ও প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদনের প্রয়োজন হবে না। তবে শেয়ার ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে হবে।
তবে ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ জন্য প্রস্তাবিত লভ্যাংশের হার যৌক্তিক হওয়ার কারণ ব্যাখ্যা করে আবেদন করতে হবে।
নতুন নির্দেশনায় অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে। পাশাপাশি এসব শেয়ার পরিশোধ বা রিডেম্পশনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদন নিতে হবে না।
এ ছাড়া অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর এবং শেয়ার ইস্যুর পর প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও সার্কুলারে স্পষ্ট করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশে বিনিয়োগ থেকে অর্জিত আয় বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ হবে। পাশাপাশি স্থানীয় কোম্পানিগুলোর মূলধন সংগ্রহ এবং বিদেশি বিনিয়োগ ব্যবস্থাপনায় প্রশাসনিক জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিএই/এএম




