মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হুন্দাই গ্লোভিস ও হানওয়া ওশান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হুন্দাই গ্লোভিস ও হানওয়া ওশান
দক্ষিণ কোরিয়ার সিউলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

বাংলাদেশের লজিস্টিকস, বন্দর উন্নয়ন, অটোমোটিভ শিল্প ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান করছে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠান হুন্দাই গ্লোভিস ও হানওয়া ওশান। এসব খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেছে প্রতিষ্ঠান দুটি। সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো এগিয়ে নিতে কারিগরি পর্যায়ে আলোচনা ও যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ।

সোমবার (২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

হুন্দাই গ্লোভিসের প্রেসিডেন্ট লি কিউ বক ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লজিস্টিকস, বন্দর উন্নয়ন এবং অটোমোটিভ শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে লজিস্টিকস হাব, বন্দর, অর্থনৈতিক ও মুক্ত বাণিজ্য অঞ্চল, অটোমোটিভ সরবরাহব্যবস্থা এবং স্মার্ট লজিস্টিকস খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়।

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অনুসন্ধানে গভীর আগ্রহ প্রকাশ করেছে হুন্দাই গ্লোভিস। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে উভয় পক্ষ একটি কারিগরি পর্যায়ের দল গঠনে সম্মত হয়েছে।

অন্যদিকে হানওয়া ওশানের সঙ্গে বৈঠকে জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত, ড্রাই-ডকিং, সামুদ্রিক অবকাঠামো এবং ভাসমান সংরক্ষণ ও গ্যাসে রূপান্তর ইউনিট (এফএসআরইউ) প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠকে হানওয়া ওশান বাংলাদেশে ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণের একটি প্রস্তাব তুলে ধরে। প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে জাহাজ মেরামত, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের কাজ শুরু করতে চায়। পরবর্তী সময়ে উচ্চমূল্য সংযোজিত জাহাজ নির্মাণ এবং অন্যান্য সামুদ্রিক কার্যক্রমে বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পরবর্তী কারিগরি আলোচনা এবং প্রতিনিধিদলের সম্ভাব্য সফরের মাধ্যমে সহযোগিতার বিষয়গুলো এগিয়ে নিতে সম্মত হয়েছে উভয় পক্ষ।

বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। বিশেষ করে বন্দর ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়ন, অটোমোটিভ শিল্পের সরবরাহব্যবস্থা এবং জাহাজ নির্মাণ ও মেরামত খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পায়।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চলে বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে কোরিয়ান প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।

এদিকে সিইপিএ-পরবর্তী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন শিল্প খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর