মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

দেশব্যাপী অভিযানে ১০৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

দেশব্যাপী অভিযানে ১০৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অনিয়ম নিয়ন্ত্রণে দেশজুড়ে বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৪০টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিদফতরের ৫৪টি টিম একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অধিদফতর সূত্রে জানা যায়, ভোজ্যতেল, ছোলা, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়গুলো অভিযানে গুরুত্ব পায়।

S

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় প্রযোজ্য বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতেও তদারকি করা হয়। বাজারে অনিয়মের পাশাপাশি পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরির মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বাজার তদারকিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

S

এদিকে বাজারে অযৌক্তিক চাহিদা ও কৃত্রিম সংকট এড়াতে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে অধিদফতর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

পণ্য কেনার সময় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর