মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চুক্তিতে আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

চুক্তিতে আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে তার এই এক বছর চুক্তিভিত্তিক মেয়াদ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, বলা হয় প্রজ্ঞাপনে।

জানা গেছে, ২০২৩ সালের ২৩ অগাস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব থেকে মো. খায়েরুজ্জামান মজুমদারকে অর্থ সচিব করা হয়। তিনি দেশের প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হন।

ত্রয়োদশ বিসিএসের কর্মকর্তা খায়েরুজ্জামান ওই বছরের ২৮ অগাস্ট থেকে অর্থ সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

ড. মো. খায়েরুজ্জামান মজুমদার আবগারি ও শুল্ক ক্যাডার কর্মকর্তা হিসেবে ত্রয়োদশ বিসিএসে যোগ দেন। পরে ডিএস পুলে সরকারের উপসচিব হিসেবে প্রশাসন ক্যাডারে আসেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। পরে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে সরকার (রাজনৈতিক অর্থনীতি) বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন তিনি। কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক অর্থনীতিতেও এমএ ডিগ্রি নেন।

খায়েরুজ্জমান এর আগে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়, ইউএসএআইডি প্রোগ্রাম (আইবিআই প্রকল্পের চীফ অফ পার্টি হিসাবে), বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে সরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর