রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

সরকারি-বেসরকারি এলপিজির দাম নির্ধারণে বিইআরসির গণশুনানি ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

শেয়ার করুন:

সরকারি-বেসরকারি এলপিজির দাম নির্ধারণে বিইআরসির গণশুনানি ২৯ অক্টোবর
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে সরকারি এলপিজির বর্তমান মূল্য এবং বেসরকারি এলপিজির বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যায়ের বিভিন্ন চার্জসহ ভোক্তাপর্যায়ের দাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করা হবে।

সম্প্রতি প্রকাশিত বিইআরসির এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্য পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) কমিশনে প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বেসরকারি এলপিজির মূল্য পরিবর্তনের প্রস্তাবের মধ্যে রয়েছে বোতলজাতকরণ ও বোতলজাতকরণ-সংক্রান্ত চার্জ, পরিবেশক চার্জ এবং খুচরা বিক্রেতার চার্জ।

বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি এলপিজির মূল্য, সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ এবং ভোক্তাপর্যায়ের দাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপনের সুযোগ থাকবে।

গণশুনানিতে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৭ অক্টোবরের মধ্যে কমিশনে লিখিত বক্তব্য বা মতামত জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি শুনানিতে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়।

বিইআরসির ওয়েবসাইট (www.berc.org.bd) থেকে এ-সংক্রান্ত প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর