বিমা দাবির টাকা পরিশোধের সময় গ্রাহককে নতুন পলিসি কিনতে বাধ্য করা যাবে না। এমনকি দাবি পরিশোধের ক্ষেত্রে বিলম্ব হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন পলিসি খোলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গ্রাহকের পাওনা সুরক্ষা ও বিমা খাতে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি এ নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
নতুন সার্কুলার অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ দাবি, মৃত্যুদাবি কিংবা সারভাইভাল বেনিফিটের পুরো অর্থ গ্রাহকের ব্যাংক হিসাবে এককালীন পরিশোধ করতে হবে। কোনো অজুহাতে পাওনা টাকা কেটে রাখা বা সমন্বয় করে নতুন পলিসি কিনতে বাধ্য করা যাবে না।
নির্দেশনায় বলা হয়েছে, বিমা পলিসির মেয়াদ শেষ হওয়ার পর ৯০ দিন পার হলে পরবর্তী এক মাসের মধ্যে দাবি পরিশোধ করা হলেও, অর্থ পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন কোনো পলিসি খোলা যাবে না। আর পলিসির মেয়াদ শেষ হওয়ার চার মাসের মধ্যে দাবি পরিশোধ করা না হলে, দাবি পরিশোধের তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত ওই গ্রাহকের নামে একই কোম্পানি নতুন কোনো পলিসি খুলতে পারবে না।
সার্কুলার জারির ব্যাখ্যায় আইডিআরএ জানিয়েছে, কিছু জীবনবিমা কোম্পানি গ্রাহকদের মেয়াদোত্তীর্ণ দাবি, মৃত্যুদাবি কিংবা সারভাইভাল বেনিফিট পরিশোধের সময় একই কোম্পানিতে নতুন পলিসি কিনতে বাধ্য করছে বলে তথ্য পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে আগের পলিসির বিপরীতে প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে বা সমন্বয় করে গ্রাহক কিংবা নমিনিকে সামান্য পরিমাণ টাকা দেওয়া হচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, বিদ্যমান আইন অনুযায়ী বিমা দাবি পাওয়ার ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ সরাসরি গ্রাহক বা তার মনোনীত ব্যক্তির (নমিনি) ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। দাবি পরিশোধের সময় নতুন পলিসি কিনতে বাধ্য করা কিংবা নতুন পলিসির প্রিমিয়াম বাবদ দাবি থেকে টাকা কেটে রাখার কোনো আইনগত সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ আইনবিরোধী।
আইডিআরএর মতে, এসব অনিয়মের কারণে বিমা গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হচ্ছে, তাদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে এবং সামগ্রিকভাবে বীমা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমা দাবি পরিশোধের সময় প্রযোজ্য সরকারি রাজস্ব—কর ও ভ্যাট—ছাড়া অন্য কোনো অজুহাতে চার্জ বা ফি কাটা যাবে না। গ্রাহকের সম্পূর্ণ পাওনা এককালীন তার ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হবে।
টিএই/জেবি




