রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

লাইসেন্স থেকে তদারকি, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

শেয়ার করুন:

লাইসেন্স থেকে তদারকি, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান ও নবায়নসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান একীভূত করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে লাইসেন্স প্রদান ও নবায়ন, লেনদেন, আমদানি-রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ এবং তদারকিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জারি করা সার্কুলারে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত বিধিবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা ও বিধিবিধান একত্র করে সার্কুলারটি হালনাগাদ করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সসংক্রান্ত নিয়মকানুন জানা ও অনুসরণ করা সহজ হবে।

সার্কুলারে বলা হয়েছে, নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়া করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবে।

ছয়টি অংশে বিভক্ত সার্কুলারটিতে লাইসেন্স প্রদান ও নবায়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পরিপালনীয় বিধিবিধান এবং প্রতিবেদন দাখিলের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন এবং লাইসেন্স বাতিলের ক্ষমতা সম্পর্কেও নির্দেশনা রয়েছে।

সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে আগে জারি করা নির্দেশনাগুলো বাতিল বলে গণ্য হবে। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা বা সংশোধনী জারি হলে তা অনুসরণ করতে হবে।

ব্যাংক সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা এক জায়গায় থাকায় লাইসেন্সসংক্রান্ত বিধিবিধান অনুসরণ সহজ হবে। একই সঙ্গে ব্যাংক ও অন্যান্য লাইসেন্সধারী প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায়ও এটি সহায়ক হবে।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর