উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। আগামী ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট বিভাগের আটটি জেলার ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন জমা দেন।
জেলাভিত্তিক আবেদনের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে নেত্রকোনা। জেলাটি থেকে ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। এ জন্য নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কর্মসূচির বিস্তারিত নীতিমালাও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) ও এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাচ্ছে।
‘উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর ৫-এর মাধ্যমে জারি করা হয়।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এমআর/এআর




