বিদেশি ফলের চড়া বাজারে বিপাকে পড়েছেন ক্রেতারা। অধিকাংশ বিদেশি ফল কিনতে কেজিতে গুনতে হচ্ছে ৪০০ টাকার বেশি। বড় আপেল, বেদানা, আঙুর, কমলা ও মাল্টা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুল্কের উচ্চহার, পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, ডলারের দাম এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে ফলের দাম বাড়ছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকার ফলের দোকান ঘুরে দেখা যায়, বিদেশি ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তুলনামূলক ছোট আকারের আপেল ছাড়া ৪০০ টাকার নিচে অধিকাংশ বিদেশি ফল পাওয়া যাচ্ছে না বলে জানান বিক্রেতারা।
বাজারে লাল আপেল প্রতিকেজি ৩০০ থেকে ৩৮০ টাকা, সবুজ আপেল ৩২০ থেকে ৪০০ টাকা, কমলা ৪০০ থেকে ৬০০ টাকা এবং মাল্টা ৪৫০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবুজ আঙুরের কেজি ৩৬০ থেকে ৪৫০ টাকা এবং লাল আঙুর ৪০০ থেকে ৬০০ টাকা। অন্যদিকে, বেদানা প্রতিকেজি ৪৫০ থেকে ৫২০ টাকা এবং নাশপাতি ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলের জাত, আকার ও মানভেদে দামে পার্থক্য রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বিদেশি ফল আমদানির ক্ষেত্রে উচ্চহারে শুল্ক-কর দিতে হয়। এর সঙ্গে পণ্য খালাসে দেরি, বন্দরে জটিলতা, ডলারের বিনিময়মূল্য এবং পরিবহন ব্যয় যুক্ত হয়ে খরচ বাড়ছে। আমদানিকারকদের কাছ থেকে বেশি দামে ফল কিনতে হওয়ায় খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে খরচ ও মুনাফার হিসাব প্রকাশ্যে না থাকায় কোন পর্যায়ে কতটা দাম বাড়ছে, তা নির্দিষ্ট করে বলা কঠিন।
ব্যবসায়ীরা আরও বলছেন, অল্পসংখ্যক আমদানিকারকের হাতে বিদেশি ফলের বড় অংশের সরবরাহ থাকায় বাজারে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হতে পারে। আমদানি ও সরবরাহ কমিয়ে দেওয়া হলে বাজারে সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। যদিও এ অভিযোগের পক্ষে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তাই বাজারে আমদানিকারকদের ভূমিকা, সরবরাহের পরিমাণ এবং পাইকারি ও খুচরা দামের ব্যবধান যাচাই করা প্রয়োজন।
মিরপুর ১০ এলাকার ফল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, বিদেশি ফলের দাম বেশি হওয়ায় আগের তুলনায় বিক্রি কমেছে। আমদানিকারকদের কাছ থেকে বেশি দামে ফল কিনতে হচ্ছে। এর সঙ্গে পরিবহন খরচ ও অন্যান্য ব্যয় যুক্ত হচ্ছে। ফলে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা ফল কিনতে এসে পরিমাণ কমিয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ না কিনেই ফিরে যাচ্ছেন।

ফলের দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারাও। তাদের মতে, বিদেশি ফলের দাম বেড়ে যাওয়ায় পরিবারের জন্য নিয়মিত ফল কেনা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের জন্য ফল কিনতে গেলেও বাজেটের সঙ্গে মিলিয়ে পরিমাণ কমাতে হচ্ছে। ফলে অনেকেই বিদেশি ফলের পরিবর্তে তুলনামূলক কম দামের দেশি ফল কিনছেন।
কাজীপাড়া এলাকার ক্রেতা ফজলে রাব্বি বলেন, বিদেশি ফলের দাম অনেক বেড়ে গেছে। আগে পরিবারের জন্য নিয়মিত আপেল, কমলা বা আঙুর কিনলেও এখন দাম বেশি হওয়ায় পরিমাণ কমাতে হচ্ছে। শিশুদের পুষ্টির কথা চিন্তা করে ফল কিনতে হচ্ছে, কিন্তু বর্তমান দামে নিয়মিত কেনা কঠিন।
শেওড়াপাড়া এলাকার ক্রেতা মমিনুল হক বলেন, বিদেশি ফলের যে দাম, তাতে সাধারণ মানুষের পক্ষে নিয়মিত কেনা কঠিন। আয় বাড়ছে না, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ফলের দামও বেশি। আগে মাঝেমধ্যে পরিবারের জন্য আপেল, কমলা বা আঙুর কিনতাম। এখন দাম শুনে অনেক সময় কেনা হয় না। ফলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
এএইচ/এসআই




