মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ডিম রফতানির সক্ষমতা অর্জন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

‘দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ডিম রফতানির সক্ষমতা অর্জন করতে হবে’
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে ডিম রফতানির সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘প্রোটিন, যা শক্তি দেয় ও সুরক্ষা করে’।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ বছর প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে। এটি দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি অর্জন। উন্নত মানের পণ্য উৎপাদন করা গেলে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ডিম রফতানিও সম্ভব হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পোলট্রি খাতের উৎপাদন খরচ কমানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ খাতে ব্যয় কমাতে পশুখাদ্যের দাম সহনীয় পর্যায়ে আনা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার ভূমিকা রয়েছে। পাশাপাশি পশুখাদ্যে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

ডিমের পুষ্টিগুণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কম খরচে ডিম থেকে প্রোটিন পাওয়া যায়। এটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে ডিম রাখা স্বাস্থ্যের জন্য ভালো।

পোলট্রি খাতে তরুণ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ খাতে তরুণদের এগিয়ে আসতে হবে। তাদের উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পোলট্রি শিল্পকে গুরুত্ব দিয়েছিলেন এবং বিভিন্ন এলাকায় হাঁস-মুরগি বিতরণ করেছিলেন। একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০১ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেছিলেন।

তিনি বলেন, ‘আমরা যদি নারীদের হাঁস-মুরগি পালনে উৎসাহিত করতে পারি এবং বাড়ির আঙিনায় সেগুলো লালন-পালনের সুযোগ তৈরি করে দিতে পারি, তাহলে তারা ডিমও পাবেন এবং অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারবেন।’ এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নারীদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

পোলট্রি খামারে বিদ্যুতের ব্যয় কমাতে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, খামারগুলোকে কীভাবে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার সহযোগিতা করবে।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক মসিউর রহমান এবং ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. সিরাজুল হক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোহা. রেজাউল আমিন এবং প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। প্রাণিসম্পদ অধিদফতর, ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

এএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর