রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন, নিরাপত্তার চাদরে ব্যাংকক

একে সালমান, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন, নিরাপত্তার চাদরে ব্যাংকক
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা। ছবি: ঢাকা মেইল
  • কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা
  • থাইল্যান্ডজুড়ে সরকারি চাকরিজীবীদের বিশেষ ছুটি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ পুরো দেশজুড়ে সর্বোচ্চ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থাইল্যান্ড রয়্যাল পুলিশ ও ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ। বিশ্বব্যাংকের এ মেগা আয়োজনে বিশ্বের ১৯০টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আগামীকাল ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্বনেতা ও আন্তর্জাতিক অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুরো রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে থাই কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা ও বিশেষ ট্রাফিক পরিকল্পনা চালু করেছে।

১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সম্মেলনের প্রধান ভেন্যু ও ভিআইপি হোটেলগুলোর ১০০ মিটারের মধ্যে সব ধরনের জনসভা, মিছিল বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংককের কেন্দ্রস্থলে তীব্র যানজট এড়াতে এবং ভিআইপি কনভয়ের চলাচলের সুবিধা নিশ্চিত করতে ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার (১১৯৭) ও ট্রাফিক পুলিশ নির্দেশিকা জারি করেছে।

ট্রাফিক ব্যবস্থার ওপর চাপ কমাতে ব্যাংকক সিটি করপোরেশন নির্দিষ্ট দিনগুলোতে সরকারি কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা এবং ১৬ অক্টোবর বিশেষ ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

সার্বক্ষণিক হটলাইন ও পুলিশের বার্তা

থাইল্যান্ড সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সাধারণ নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছে। যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে জরুরি পুলিশ সেবা ১৯১, ট্যুরিস্ট পুলিশ হটলাইন ১১৫৫ এবং ট্রাফিকের হালনাগাদ তথ্যের জন্য ১১৯৭ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কে-নাইন ডগ স্কোয়াডের বিশেষ মহড়ার পাশাপাশি থাই রয়্যাল পুলিশের প্রধানের সরাসরি নির্দেশনায় সম্মেলনস্থল কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টার (QSNCC), অভ্যর্থনা অনুষ্ঠানের ভেন্যু ওয়ান ব্যাংকক ফোরাম এবং ভিআইপি অতিথিদের জন্য নির্ধারিত ২২টি বিলাসবহুল হোটেল এলাকাকে ঘিরে তিন স্তরের নিরবচ্ছিন্ন নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ শাখা এবং পুলিশের বিশেষ প্রশিক্ষিত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড ভেন্যু, পার্কিং এলাকা, সংলগ্ন পার্ক এবং ভিআইপি হোটেলগুলোতে ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। কে-নাইন দলের বিশেষ প্রশিক্ষিত কুকুরগুলো বিস্ফোরক, অস্ত্র ও যেকোনো সন্দেহজনক বস্তু শনাক্ত করার কাজে নিয়োজিত রয়েছে।

পাশাপাশি, ট্যুরিস্ট পুলিশ ভেন্যু ও সংলগ্ন বেনজাকিত্তি পার্ক এলাকায় স্মার্ট মোবাইল অপারেশনাল ভ্যাকিং এবং পর্যবেক্ষণ ড্রোন মোতায়েন করেছে।

এ ছাড়া, বিশ্বব্যাংকের এ কর্মসূচিকে ঘিরে ব্যাংকক পুলিশ সাধারণ জনগণকে পাঁচটি প্রধান সড়ক এলাকা—রাচাদাফিসেক রোড, আসোক-সুকুমভিত এলাকা, রামা ৪ রোড এবং দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে প্রবেশের সংযোগ সড়কগুলো—খুব জরুরি প্রয়োজন ছাড়া এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। রাস্তায় ব্যক্তিগত যানবাহনের চাপ কমাতে সাধারণ যাত্রীদের ইলেকট্রিক ট্রেন বা বিটিএস (BTS)/এমআরটি (MRT) নেটওয়ার্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর