বিমানবন্দরে বিশৃঙ্খলা এবং দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে হওয়া মামলায় জামায়াতে ইসলামীর সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার হওয়ার পর রেমিট্যান্স শাটডাউনের ‘টুকটাক ঘোষণা’ আসে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে।
তাদের মতে, আখতারুজ্জামান বিমানবন্দরে প্রবাসীদের পক্ষে আওয়াজ তুলেছেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে কথা বলেছেন। ফলে সাবেক এই সেনা কর্মকর্তার গ্রেফতারকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষিপ্তভাবে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেন কিছু প্রবাসী।
এই অবস্থায় অনেকেই মনে করেছিলেন, চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বা প্রবাসী আয়ে আশঙ্কাজনকভাবে ভাটা পড়তে পারে।
কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমান দাঁড়ায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা। এদিকে গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
এর আগে বিদায়ী সেপ্টেম্বর মাসজুড়ে ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে যার পরিমাণ ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা।
এএইচ



