বেক্সিমকো গ্রুপের বড় তিন কোম্পানির নেতৃত্ব থেকে বাদ পড়লেন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়ার পর এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ দুই কোম্পানিতে চেয়ারম্যান হিসেবে আগের মতোই থাকছেন সালমান রহমানের বড় ভাই সোহেল এফ রহমান (আহমেদ সোহাইল ফসিহুর)। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ তিন প্রতিষ্ঠানেই ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সালমান রহমান।
বুধবার (৭ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় সালমান রহমানকে বাদ দিয়ে নতুন পর্ষদের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে সালমান রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদ পুনর্গঠনের আবেদন করে বেক্সিমকো গ্রুপ। এর পরিপ্রেক্ষিতে নতুন পর্ষদ গঠনে অনাপত্তি দেয় বিএসইসি।
বিএসইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, বেক্সিমকো লিমিটেডের নতুন সাত সদস্যের পর্ষদে সোহেল এফ রহমানের পাশাপাশি উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে রয়েছেন ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। আগের পর্ষদ থেকে উদ্যোক্তা পরিচালক এবি সিদ্দিকুর রহমান ও রিম এইচ শামসুদ্দোহা বাদ পড়েছেন। স্বতন্ত্র পরিচালক শাহ মনজুরুল হক ও মাসুদ একরামউল্লাহ খানকেও নতুন পর্ষদে রাখা হয়নি। নিয়ম অনুযায়ী আরও দুজন স্বতন্ত্র পরিচালক যুক্ত করার কথা জানিয়েছে বিএসইসি।
শাইনপুকুর সিরামিকসের নতুন সাত সদস্যের পর্ষদেও চেয়ারম্যান থাকছেন সোহেল এফ রহমান। উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে রয়েছেন ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। আগের পর্ষদের একমাত্র স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফাহিমুল হক বাদ পড়েছেন। তার স্থলে শাহ মনজুরুল হককে স্বতন্ত্র পরিচালক করা হয়েছে। নিয়ম অনুযায়ী আরও একজন স্বতন্ত্র পরিচালক যুক্ত করার কথা বলা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতের মৌখিক নির্দেশনার বিষয়ে অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় শাইনপুকুর সিরামিকসের নতুন পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি আইন অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালক নিয়োগ বা বাদ দেওয়ার ক্ষেত্রে বিএসইসির অনুমোদনের প্রয়োজন হয় না। সাধারণ সভায় সদস্যদের মাধ্যমে পরিচালক নিয়োগ দিতে হয়। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় পর্ষদ পুনর্গঠনের পর বিএসইসিকে বিষয়টি অবহিত করতে হয়। পর্ষদে আইন অনুযায়ী ন্যূনতমসংখ্যক স্বতন্ত্র পরিচালক রাখা হয়েছে কি না, তা দেখার দায়িত্ব কমিশনের।
বেক্সিমকো ফার্মাসহ এ তিনটি কোম্পানি সালমান রহমানের হাতে গড়ে ওঠে। সব কটিতেই তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের কোনো ক্ষতি না হয়, সেই বিবেচনায় তিনি পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন বলে তারা মনে করেন।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান রহমান গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এআর




