বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলোতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ সংগঠনটির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভা শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের সব কাজের অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক ও ভালো কাজে সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সরকার জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বা কার্যক্রম গ্রহণ করলে তার প্রতিবাদ ও সমালোচনা করা হবে।
তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা হিসেবে দেশের টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে। তারা নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন। বিরোধীদলীয় নেতা তাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সেক্রেটারি জেনারেল বলেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি জামায়াতে ইসলামীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি আমরা অনুসরণ করি না। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দলের যে নীতি, সেই অনুযায়ী সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে।
তবে জনস্বার্থবিরোধী কোনো কাজে সরকার জড়ালে তার প্রতিবাদ করা হবে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তখন আমরা তার প্রতিবাদ করব, সমালোচনা করব এবং প্রয়োজন হলে প্রতিরোধও করব। বিরোধী দল হিসেবে আমরা গঠনমূলকভাবে এই ভূমিকা পালন করব।
বিটিএমএ নেতাদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ব্যবসায়ীরা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এবং বিরোধীদলীয় নেতা তাদের আশ্বস্ত করেছেন।
গোলাম পরওয়ার বলেন, আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। নিজেদের ব্যবসা ও পেশার প্রতিও আপনাদের আন্তরিকতা রয়েছে। আপনারা ইনশাআল্লাহ পারবেন। আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে এ খাতের উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহযোগিতার বিষয়েও ভূমিকা রাখবে বিরোধী দল।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
টিএই/এফএ




