যৌথ উদ্যোগে নতুন কোম্পানি গঠন এবং বিদ্যমান যৌথ উদ্যোগের কোম্পানিতে অতিরিক্ত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি।
নতুন কোম্পানিতে ৯ কোটি এবং বিদ্যমান কোম্পানিতে ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এসিআই।
কোম্পানিটি জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১৫ কোটি টাকা।
নতুন কোম্পানিতে এসিআই ৬০ শতাংশ মালিকানা বা শেয়ার ধারণ করবে। এর ফলে ১৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে এসিআইর বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৯ কোটি টাকা। তবে কোম্পানি গঠন ও এই বিনিয়োগ কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।
অন্যদিকে, একই পরিচালনা পর্ষদ সভায় এসিআইর বিদ্যমান যৌথ উদ্যোগ ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’-এ আরও ৬০ কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই বিনিয়োগও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।
সব মিলিয়ে নতুন যৌথ উদ্যোগের কোম্পানিতে ৯ কোটি টাকা এবং বিদ্যমান যৌথ উদ্যোগে ৬০ কোটি টাকা দুই খাতে মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এসিআই।
এম/এআরএম




