সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে: রিহ্যাব প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে: রিহ্যাব প্রেসিডেন্ট
সংগৃহীত ছবি

দেশের আবাসন খাতে ব্যবসা পরিচালনায় জটিল ও কঠিন নিয়ম-কানুনের পাশাপাশি বাস্তবতা বিবর্জিত বিভিন্ন বিধিবিধান রয়েছে বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেছেন, আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ড্যাপসহ অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের একটি হোটেলে আবাসন ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের আবাসন ব্যবসা বর্তমানে নানা ধরনের সমস্যার চাপে রয়েছে। এর সঙ্গে বাস্তবতা বিবর্জিত বিভিন্ন বিধিবিধানের কারণে ব্যবসা পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান যুক্ত থাকায় এই খাতে দৃশ্যমান সংকটের প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে।

মতবিনিময় সভায় আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় সভায় অংশ নেওয়া বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের ডেভেলপাররা খাতটির বর্তমান পরিস্থিতি ও সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. সহিদুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মো. ইব্রাহিম সরকার এবং সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন বক্তব্য দেন।

সভায় রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-ফিন্যান্স ড. মো. হারুন অর রশিদসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিপুল সংখ্যক আবাসন ব্যবসায়ী অংশ নেন।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর