চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু করতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী আইসিএবি সদস্যরা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের বিশেষায়িত প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা সুশাসন, স্বচ্ছতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের এ অবদানকে স্বীকৃতি দিতে কাস্টমাইজড আর্থিক ও জীবনযাপনসংক্রান্ত সুবিধার সমন্বয়ে বিশেষ একটি প্যাকেজ চালু করা হয়েছে।
প্রযোজ্য শর্ত সাপেক্ষে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা এ উদ্যোগের আওতায় আইসিএবি সদস্যপদ ও প্র্যাকটিশনার ফিতে সাশ্রয়, নির্দিষ্ট ব্যাংকিং পণ্যে ক্যাশব্যাক ও ফি মওকুফ, নির্বাচিত জীবনযাপন ও ভ্রমণ সুবিধা এবং বিনামূল্যে ডেবিট কার্ড পাওয়ার সুবিধা পাবেন।
এ ছাড়া অংশীদারত্বের আওতায় যোগ্য আইসিএবি সদস্যরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রায়োরিটি ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধাও গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে নিবেদিত রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা, ব্যাংকাস্যুরেন্স সুবিধা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘১২১ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে। ব্যাংকটির অনন্য ও বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে ব্যবসা ও সমৃদ্ধির প্রসার ঘটানোই আমাদের মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যবসায়িক ও নীতিগত কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইসিএবির সঙ্গে আমাদের এই অংশীদারত্ব তাদের সেই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। এর মাধ্যমে তাদের ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বাচ্ছন্দ্য এবং কাস্টমাইজড ব্যাংকিং সেবা দিতে পারব।’
আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ বলেন, ‘আমাদের সদস্যদের জন্য সময়োপযোগী সেবা উপস্থাপন করা আইসিএবির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এই সহযোগিতাকে আমরা স্বাগত জানাই। এটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত ও ব্যক্তিগত উভয় ধরনের আর্থিক চাহিদা পূরণে সহায়ক হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যাংকিং ও ফাইন্যান্সিংয়ের এসব সুবিধা আমাদের সদস্যদের তাদের আর্থিক অগ্রাধিকারগুলো আরও সুচারুভাবে পরিচালনা করতে সহায়তা করবে। আমরা আশা করি, আমাদের সদস্যরা এই অংশীদারত্বের মাধ্যমে উপকৃত হবেন এবং প্রস্তাবিত সুযোগগুলোর যথাযথ ব্যবহার করবেন।’
সমঝোতা স্মারকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক এবং আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এমআর/এএস




