বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ এএম

শেয়ার করুন:

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
প্রতীকী ছবি।

দেশের চাহিদা মেটাতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। 
বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ২০২৬ সালের ৪৬তম সভায় এসব ক্রয় ও আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ৫০ কেজির বস্তায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। খুলনার ফুলতলার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডকে এ ডাল সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে। কর ও ভ্যাটসহ এতে সরকারের ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৮৯ পয়সা।

এ ছাড়া সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় চারটি লটে সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) চুক্তির আওতায় দুই লটে মোট ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। চুক্তির তৃতীয় লটে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার হিসাবে এতে ব্যয় হবে প্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

একই চুক্তির চতুর্থ লটেও ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এ লটেও প্রতি মেট্রিক টনের দাম ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার। এতে ব্যয় হবে প্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

অন্যদিকে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ) ও বিএডিসির মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার দরে এ সার কিনতে ব্যয় হবে প্রায় ১৬৫ কোটি ৯০ লাখ টাকা। সরবরাহকারী হিসেবে প্রডিনটর্গকে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বিএডিসি ও সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মা’আদেনের মধ্যে চুক্তির আওতায় ২০২৬ সালের চতুর্থ লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার দরে এ সার কিনতে ব্যয় হবে প্রায় ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সরবরাহকারী হিসেবে মা’আদেনকে সুপারিশ করা হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপিত এসব ক্রয় ও আমদানি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর