সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিনিয়োগ সম্প্রসারণে মালয়েশিয়ায় যাচ্ছেন ডিসিসিআইয়ের ৩৯ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

বিনিয়োগ সম্প্রসারণে মালয়েশিয়ায় যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রফতানি সম্প্রসারণ এবং দেশটির বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে মালয়েশিয়া যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতিনিধিদল। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ৩৯ সদস্যের প্রতিনিধিদলটি আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর করবে।

রোববার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সফরকালে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা ও ব্যবসায়িক বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের উদ্যোক্তারা।

এসব বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ব্যবসায়িক ম্যাচমেকিং বা বিটুবি সেশনের মাধ্যমে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এ অংশ নেবে ডিসিসিআই প্রতিনিধিদল। সেখানে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের হালাল শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

সফরকালে মালয়েশিয়া সরকারের পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে ডিসিসিআই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে ৩৭ শতাংশই বাংলাদেশি। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে কর্মরত বাংলাদেশিরা মোট ৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

এদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ২ হাজার ২৯৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে এবং দেশটিতে ২৮২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে।

এ ছাড়া মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে ইতোমধ্যে ৭৫৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল, নির্মাণ এবং টেক্সটাইলসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগ রয়েছে।

মালয়েশিয়ায় সফর শেষে ডিসিসিআই প্রতিনিধিদল আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর