দেশে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম প্রধান উৎস সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর আরও কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশে নামবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গত ৮ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এতে এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ।
বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণে এবার এ সুবিধা আরও বাড়ানো হয়েছে। নতুন সুবিধায় ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফলে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে মোট করভার দাঁড়াবে মাত্র ১ শতাংশ। এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে।
এনবিআর আরও জানিয়েছে, আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও একই সুবিধা পাবেন।
এনবিআরের প্রত্যাশা, শুল্ক-কর কমানোর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।
এমআর/জেবি




