রাজধানীর মিরপুরের অনলাইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটির বিক্রয় তথ্য ও জব্দ করা বিভিন্ন দলিল যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর কমিশনারের নির্দেশনায় গত ১৩ সেপ্টেম্বর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে-ক্রিয়েশনে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটি অনলাইনের মাধ্যমে পাঞ্জাবি, শেরওয়ানি ও অন্যান্য তৈরি পোশাক বিক্রি করে থাকে। অভিযানের সময় সেখানে মূসক (ভ্যাট) ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩ ফরমের মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।
জব্দ করা দলিলাদি ও প্রতিষ্ঠানের বিক্রয় তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এ ঘটনায় সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এমআর




