দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত রয়েছে— এমন ব্যাংক হিসাবের সংখ্যা তিন মাসে পাঁচ হাজারের বেশি বেড়েছে। একই সময়ে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা। তবে কোটি টাকার বেশি আমানত থাকা ব্যক্তি শ্রেণির হিসাব বাড়লেও এসব হিসাবে আমানতের পরিমাণ কমেছে। মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত বৃদ্ধির কারণেই কোটিপতি হিসাবের সামগ্রিক সংখ্যা ও আমানতের পরিমাণ বেড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে— এমন হিসাব ছিল এক লাখ ৪১ হাজার ৫৬২টি। গত মার্চ মাসের শেষে এ ধরনের হিসাব ছিল এক লাখ ৩৬ হাজার ৪৮৫টি। অর্থাৎ তিন মাসে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব বেড়েছে পাঁচ হাজার ৭৭টি।
একই সময়ে কোটি টাকার বেশি আমানত থাকা এসব হিসাবে অর্থের পরিমাণও বেড়েছে। গত মার্চ শেষে এসব হিসাবে জমা ছিল আট লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে— এমন ব্যক্তি শ্রেণির ব্যাংক হিসাব ছিল ৪০ হাজার ৭০১টি। এসব হিসাবে জমা ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা। মার্চ শেষে ব্যক্তি শ্রেণির এ ধরনের হিসাব ছিল ৪০ হাজার ৬৩০টি এবং আমানত ছিল ৯১ হাজার ৩৫২ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাব ৭১টি বাড়লেও এসব হিসাবে আমানত কমেছে এক হাজার ২২১ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে ব্যক্তি হিসাবের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে নতুন শিল্পকারখানা স্থাপন এবং বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে উচ্চ সুদহার ও অর্থনৈতিক অনিশ্চয়তা যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগে না গিয়ে হাতে থাকা অর্থের একটি বড় অংশ ব্যাংকে রাখছে।
তাদের মতে, প্রতিষ্ঠানগুলোর চলতি মূলধন, ব্যবসায়িক লেনদেনের অর্থ এবং সাময়িকভাবে অব্যবহৃত অর্থ ব্যাংকে রাখার প্রবণতা বেড়েছে। ফলে প্রাতিষ্ঠানিক হিসাবগুলোতে বড় অঙ্কের আমানত জমা হচ্ছে। এর প্রভাবেই কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সামগ্রিক সংখ্যা ও আমানতের পরিমাণ বেড়েছে।
অন্যদিকে, ব্যক্তি পর্যায়ে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সঞ্চয়ের সক্ষমতা কমেছে। এতে ব্যক্তি শ্রেণির কোটি টাকার হিসাবে আমানতের পরিমাণ কমেছে। তবে প্রতিষ্ঠানের হাতে থাকা নগদ অর্থ ব্যাংকে রাখার প্রবণতা বেশি থাকায় সামগ্রিকভাবে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ও এসব হিসাবে জমা অর্থের পরিমাণ বেড়েছে।
টিএই/এফএ




