সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ এএম

শেয়ার করুন:

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল আরাফাহ ইসলামী ব্যাংকের লোগো।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির আগের পর্ষদ বাতিল করে পাঁচ সদস্যের স্বতন্ত্র পর্ষদ গঠন করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে চলতি বছরের ১৫ জুলাই পুরোনো মালিকদের ব্যাংকের পর্ষদে ফিরিয়ে আনার পর আগের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ করতে বলা হয়।

পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান (এফসিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।

২০২৪ সালের ৩ অক্টোবর লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে পাঁচ স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। পদত্যাগ করা চারজনের মধ্যে কেবল খাজা শাহরিয়ার বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে বহাল রয়েছেন।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে আগের মালিকদের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার পর আগের স্বতন্ত্র পরিচালকদের সরে যেতে বলা হয়েছে। ১৫ জুলাই পুরোনো মালিকদের প্রতিনিধিরা পর্ষদে ফেরার পর বিভিন্ন বিষয়ে ওই স্বতন্ত্র পরিচালকদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল।

এর আগে ১৫ জুলাই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন করে ১৩ জন পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তাদের মধ্যে পাঁচজন চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই আব্দুস সামাদ লাবু। নতুন পর্ষদে যুক্ত হওয়া কয়েকজন এর আগেও ব্যাংকটির পর্ষদে ছিলেন।

১৫ জুলাই গঠিত নতুন পর্ষদে ব্যাংকটির চেয়ারম্যান করা হয় বদিউর রহমানকে। ভাইস চেয়ারম্যান হন লিয়াকত আলী চৌধুরী। পরিচালক হিসেবে রয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, তার ছেলে সেলিম রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, মোহাম্মদ আব্দুস সালাম, নাজমুল আহসান খালেদ, ঢাকা-৭ আসনে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন ও মেসবাহ উদ্দিন আহমেদ।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর