রাজধানীর মিরপুরের বাজারে ছয় মাসের ব্যবধানে টমেটোর দাম বেড়েছে প্রায় চার গুণ। ফেব্রুয়ারি-মার্চে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটো এখন ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে রান্নার অন্যতম প্রয়োজনীয় এই সবজি কিনতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-৬, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মান ও আকারভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে। তবে ছয় মাস আগে মার্চে একই টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা কেজি। সে হিসাবে সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে টমেটোর দাম প্রায় চার গুণ হয়েছে।
বাজারে টমেটোর পাশাপাশি কয়েক ধরনের সবজির দামও তুলনামূলক বেশি। মৌসুম পরিবর্তনের কারণে সরবরাহে পরিবর্তন আসায় এসব সবজির দামে ওঠানামা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মিরপুর-৬ কাঁচাবাজারের মতো বাজারগুলোতে শুক্রবারও ক্রেতাদের নিয়মিত কেনাকাটা করতে দেখা গেছে। মিরপুরের বিভিন্ন বাজারের সাম্প্রতিক দামের তথ্যেও সবজির বাজারে পরিবর্তনের চিত্র পাওয়া যাচ্ছে।
ক্রেতারা বলছেন, কয়েক মাসের ব্যবধানে বাজারে অনেক পণ্যের দাম পরিবর্তন হয়েছে। বিশেষ করে টমেটোর মতো নিত্যপ্রয়োজনীয় সবজির দাম এতটা বেড়ে যাওয়ায় দৈনন্দিন বাজারের খরচ সামলাতে চাপ তৈরি হয়েছে।
মিরপুর কাজীপাড়া থেকে বাজার করতে এসেছেন নাহিদ হাসান। টমেটোর দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘কয়েক মাস আগেও ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে টমেটো কিনেছেন। এখন সেই টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি। বাজারে অন্যান্য পণ্যের দামও বেশি হওয়ায় সংসারের খরচ সামলাতে তাকে কম পরিমাণে পণ্য কিনতে হচ্ছে।’
আরও পড়ুন: ইলিশের জাটকাতেও আগুন, চড়া শাকের দাম
মিরপুর শেওড়াপাড়া থেকে বাজার করতে আসা সাব্বির বলেন, ‘টমেটোর দাম এতটা বেড়ে যাবে, তা ভাবিনি। আগে যে টাকায় কয়েক ধরনের সবজি কেনা যেত, এখন একই টাকায় অল্প কিছু পণ্য কিনতে হচ্ছে। দাম বেশি হওয়ায় টমেটোর পরিমাণও কমিয়ে দিয়েছি।’
বিক্রেতারা বলছেন, মৌসুমভেদে টমেটোর সরবরাহ কম-বেশি হয়। সরবরাহ কমে গেলে স্বাভাবিকভাবেই খুচরা বাজারে দাম বাড়ে। নতুন মৌসুমে সরবরাহ বাড়লে দামও কমে আসতে পারে।
মিরপুর-৬ বাজারের বিক্রেতা জালাল উদ্দিন বলেন, ‘কয়েক মাস আগে বাজারে টমেটোর সরবরাহ বেশি ছিল। তখন দামও কম ছিল। এখন সরবরাহ তুলনামূলক কম থাকায় পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও দাম বেড়েছে।’
মিরপুর কাজীপাড়ার সবজি বিক্রেতা আফজাল হোসেন বলেন, এখন ভালো মানের টমেটোর সরবরাহ আগের তুলনায় কম। পাইকারি বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন খরচও আছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে জানান তিনি।
এএইচ/এমআই




