সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-সুইজারল্যান্ড আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যে আলোচনা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সুইজারল্যান্ডের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ। সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি, সেখানে এই আলোচনা হয়।

এসময় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। একই সাথে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠককালে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশের উদীয়মান খাতগুলোতে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধির বিষয় স্থান পায়। উভয় পক্ষ অর্থনৈতিক অংশীদারিত্বকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে স্বীকৃতি দেয়। পাশাপাশি বাংলাদেশের শ্রমশক্তির কারিগরি ও ভোকেশনাল দক্ষতা উন্নয়নে ব্যবহারিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সম্মত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের সম্পর্ককে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পর্যায় থেকে জোরদার করতে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন সুইস রাষ্ট্রদূত।

উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতাবাদ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসব মূল্যবোধ বজায় রাখতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একসাথে কাজ করার আশাবাদও প্রকাশ করা হয়।

বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের মানবিকতার প্রশংসা করেন রাষ্ট্রদূত। একই সাথে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পাশাপাশি এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর