বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্যও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের মতো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।
সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ
সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে আজকের (সোমবার) মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। অর্থাৎ, সেপ্টেম্বরেও ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন, জুলাই এবং বিদায়ী মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়।
আরও পড়ুন: জ্বালানি তেল আমদানিতে সরকারি ৩ কোম্পানিকে অগ্রাধিকার দেওয়ার দাবি
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। প্রতি ব্যারেলে দাম বেড়েছে ১ ডলারের বেশি।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট জিএমটি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩২ ডলারে ওঠে।
এএইচ




