বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা জমা দিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। শ্রমিক কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির আংশ হিসেবে কাফকো এ অর্থ জমা দিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে এ অর্থের চেক হস্তান্তর করেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকোর চেয়ারম্যান মো. আব্দুন নাসের খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, কাফকোর চিফ কর্পোরেট অফিসার সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রম আইনের অধীনে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রম কল্যাণ তহবিলে জমা দেয়। যাত্রা শুরুর পর থেকে কাফকো একটি দায়িত্বশীল কোম্পানি হিসাবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ জমা প্রদান করে যাচ্ছে।
এআরএম




