সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা দেশে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
তবে এ বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে নির্বিঘ্ন অনুমোদন, জমি ইজারা, প্রয়োজনীয় অবকাঠামো এবং বিনিয়োগ সুরক্ষার নিশ্চয়তা চান তারা।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রস্তাবিত বিনিয়োগের আওতায় ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং ও প্যাকেজিং, ই-রেন্টাল সার্ভিস, সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ করা হবে।
এ সময় ইউএইতে বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ী প্রতিনিধিরা।
তারা বলেন, প্রায় ১২ বছর ধরে ইউএইতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অনেকেই নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের চাকরি ও জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ ও ইউএই সরকারের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার আহ্বান জানান তারা। একইসঙ্গে সম্প্রতি ভিসা বাতিলের কারণে দেশে ফিরে আটকে পড়া বাংলাদেশিদের ইউএইতে ফেরার সুযোগ তৈরি করতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার দাবি জানানো হয়। এ জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ, ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন ও ডিজিটাল অভিযোগ ব্যবস্থা চালু এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রবাসী সহায়তা সেল গঠনেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মোট ১৫টি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ভিসা সমস্যা সমাধান, দেশত্যাগের আগে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, প্রবাসী কার্ড ইস্যু, স্থানীয় আইন সম্পর্কে কর্মীদের সচেতন করা এবং সরকারি খরচে মৃত প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনা।
এছাড়া প্রবাসীদের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো, রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি, বিমান ভাড়া কমানো, প্রবাসীদের সম্পদ ও বিনিয়োগের সুরক্ষা জোরদার, সহজ শর্তে ঋণ ও বীমা সুবিধা নিশ্চিত এবং সংকটের সময় মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের জরুরি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ রুবেল বলেন, এসব প্রস্তাব নিয়ে তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সরকার দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে।
টিএই/এএইচ



