দেশের জরুরি গ্যাসের চাহিদা মেটাতে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে এসব এলএনজি কেনা হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে দুই কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ২৩-২৪ আগস্ট সময়ের জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭ মার্কিন ডলার দরে এ কার্গোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।
অন্য কার্গোটি ৪-৫ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। এটির প্রতি এমএমবিটিইউর দাম ২১ দশমিক ৭৯৬ মার্কিন ডলার। কার্গোটির মোট ক্রয়মূল্য ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা।
এর আগে, গ্যাসের চাহিদা মেটাতে গত ১২ আগস্ট আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
চলমান গ্যাস সংকটের মধ্যে শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার।
এমআর/এফএ




