শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১১:৪০ পিএম

শেয়ার করুন:

সব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশ
এনবিআর ভবন। ছবি: সংগৃহীত

করদাতাদের আয়কর বিবরণী, রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) এবং টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র যাচাইয়ে দেশের সব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠন করতে হবে।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, পরিবীক্ষণ টিমে পরিদর্শন রেঞ্জ-১-এর কর্মকর্তাকে আহ্বায়ক, পরিদর্শন রেঞ্জ-২, ৩ ও ৪-এর কর্মকর্তাকে যুগ্ম আহ্বায়ক, উপ-কর কমিশনার, সহকারী কর কমিশনার বা অতিরিক্ত সহকারী কর কমিশনারকে টিম লিডার এবং কর পরিদর্শকদের সদস্য হিসেবে দায়িত্ব দিতে হবে।

উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ এবং রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) ও টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র দাখিলের আইনি বাধ্যবাধকতা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ একই হলে, উৎসে কর পরিবীক্ষণের দায়িত্বে থাকা টিমকেই এসব বিষয় যাচাইয়ের দায়িত্ব দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পিএসআর ও টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র যাচাইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর কমিশনার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।

অর্থবছরের শুরুতেই অর্থ আইন ও আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারা ও বিধিবিধান সম্পর্কে বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দিয়েছে এনবিআর। একই সঙ্গে বোর্ডের কাজে অসহযোগিতা করলে আয়কর আইনের ৩১৮ ধারায় দণ্ড এবং নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে ২৬৪ ধারায় জরিমানার বিধান রয়েছে, তা জানিয়ে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে।

এনবিআর বলেছে, আয়কর আইন অনুযায়ী করদাতার ক্ষেত্রে প্রযোজ্য সর্বশেষ কর বছরের রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই নিশ্চিত করতে হবে। সেবাগ্রহীতাকে সেবা দেওয়ার আগেই প্রতিটি পিএসআর অনলাইনের নির্ধারিত যাচাই ব্যবস্থার মাধ্যমে বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে।

একইভাবে, টিআইএন সংবলিত সিস্টেমে তৈরি প্রত্যয়নপত্রের সত্যতা আয়কর বিভাগের নির্ধারিত ওয়েবসাইট অথবা বারকোড স্ক্যানারের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রতি মাসে নির্দিষ্ট ছকে পিএসআর ও টিআইএন সনদ যাচাইসংক্রান্ত স্বাক্ষরিত তথ্য লিখিতভাবে সংগ্রহ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন বা সংগ্রহ যাচাইয়ের সময়ও পিএসআর ও টিআইএন প্রত্যয়নপত্র যাচাই করতে হবে।

আইনের ১৪২ ধারা অনুযায়ী, কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে পিএসআর উপস্থাপনে ব্যর্থ হলে প্রযোজ্য উৎসে করের হারের অতিরিক্ত ৫০ শতাংশ হারে উৎসে কর আদায় করার বিধান রয়েছে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এনবিআরের ‘কর জরিপ ও পরিদর্শন শাখায়’ প্রতি মাসের প্রথম তিন কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে পরিবীক্ষণসংক্রান্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া এনবিআর কর্তৃক প্রদত্ত ক্ষমতার সীমার মধ্যে থেকেই পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এখতিয়ার বহির্ভূত পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা এবং এনবিআরে এ ধরনের তথ্য পাঠানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর