ল্যাটিন আমেরিকার বিশাল বাজারে বাংলাদেশের হোম ডেকর, লাইফস্টাইল ও পরিবেশবান্ধব পণ্যের রফতানি সম্ভাবনা তুলে ধরতে ব্রাজিলে অনুষ্ঠিত ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সাউ পাওলোর আন্তর্জাতিক এ প্রদর্শনীতে দেশের চারটি প্রতিষ্ঠান পাঁচটি বুথে পাট, চামড়া, বাঁশ, টেরাকোটা ও অন্যান্য প্রাকৃতিক উপকরণে তৈরি পণ্য প্রদর্শন করছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ব্রাজিলের সাউ পাওলোর অন্যতম বৃহৎ প্রদর্শনী কেন্দ্র ডিস্ট্রিটো আনহেমবিতে শুরু হওয়া ‘হোম শো ব্রাজিল ২০২৬’ চলবে ১৩ আগস্ট পর্যন্ত। রফতানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতা এবং ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এ মেলায় বাংলাদেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের উৎপাদন সক্ষমতা এবং রফতানি সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

মেলায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছে জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস। প্রতিষ্ঠানগুলো পাঁচটি বুথে পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত সামগ্রী, প্রাকৃতিক তন্তুর ঝুড়ি, হোম ডেকর সামগ্রী, বাঁশজাত পণ্য, টেরাকোটা, মাটির তৈরি পণ্য ও নকশিকাঁথাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে।
এ ছাড়া পৃথক একটি বুথে রফতানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের রফতানিযোগ্য পণ্যের তথ্যসমৃদ্ধ ব্রশিওর, লিফলেট ও বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে। দেশের রফতানি খাতের অগ্রগতি তুলে ধরতে সেখানে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ দূতাবাস ও ব্রাজিলের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকেই বাংলাদেশি স্টলগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশের পণ্যের নকশা, মান ও বৈচিত্র্য নিয়ে আগ্রহ দেখান বিভিন্ন দেশের ক্রেতারা। পাশাপাশি বাংলাদেশি রফতানিকারকদের সঙ্গে সম্ভাব্য ক্রেতাদের একাধিক ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়।
মেলার অংশ হিসেবে বুধবার ‘হোম অ্যান্ড লাইফস্টাইল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে বাংলাদেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের উৎপাদন সক্ষমতা, গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে রফতানি সম্ভাবনা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘হোম শো ব্রাজিল ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ ল্যাটিন আমেরিকার বাজারে দেশের হোম ডেকর ও লাইফস্টাইল পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পাট, বাঁশ, মাটি ও অন্যান্য প্রাকৃতিক উপকরণে তৈরি পরিবেশবান্ধব পণ্যের জন্য নতুন রফতানি বাজার তৈরির সুযোগও সৃষ্টি হতে পারে।

আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশের সৃজনশীলতা, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং পরিবেশবান্ধব উৎপাদন সক্ষমতা তুলে ধরার মাধ্যমে ল্যাটিন আমেরিকার বাজারে দেশের পণ্যের অবস্থান আরও শক্তিশালী করার সম্ভাবনা তৈরি হয়েছে।
এমআর/এমআই




