বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত
ইসলামী ব্যাংক বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগকারী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজ উদ্যোগে দুদকে অভিযোগ দায়ের করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নথিপত্র থেকে জানা যায়, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড, গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়েরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছিল। পরদিন ২৭ জুলাই এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতাও ইয়াসীন আলীকে দেওয়া হয়।

এর আগে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এস আলম গ্রুপ, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে জালিয়াতির মাধ্যমে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের পৃথক তদন্তে ঋণ অনুমোদন ও বিতরণে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিটের ঋণসীমা অস্বাভাবিকভাবে বাড়ানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ইসলামী ব্যাংকে ঋণ অনিয়মসহ বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ের ঋণ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।

এমন সময়ে ওই অনিয়মের অভিযোগ দুদকে তুলে ধরা এক ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াসীন আলীকে চাকরিচ্যুত করা হয়নি, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের পূর্বানুমতি ছাড়া দুদকের মতো প্রতিষ্ঠানে অভিযোগ দায়ের করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর