মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ডিইপিজেডে ৪২৪ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

ডিইপিজেডে ৪২৪ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

ঢাকার সাভারে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজস্ব কারখানার ছাদে ৪২৪ কিলোওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড। 

৭২২টি সৌর প্যানেল নিয়ে স্থাপিত প্রকল্পটি শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিইপিজেডে গুনজে ইউনাইটেডের কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

গুনজে ইউনাইটেড লিমিটেড হলো বাংলাদেশের ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুনজে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। কারখানার ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পটি ইতোমধ্যে পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে এবং উৎপাদিত বিদ্যুৎ কারখানার প্রয়োজন মেটাতে ব্যবহার করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে শিল্পকারখানার অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ সরবরাহের প্রচলিত উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিল্পকারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাড়ানো গেলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি পরিবেশের ওপর চাপ কমানো সম্ভব। গুনজে ইউনাইটেডের প্রকল্পটি এ ক্ষেত্রে শিল্প খাতে একটি কার্যকর উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, গ্রুপের নির্বাহী পরিচালক খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।

গুনজে ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের মাধ্যমে শিল্প উৎপাদন আরও কার্যকর ও পরিবেশবান্ধব করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। 

বাংলাদেশের শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর