মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

যৌথভাবে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ-বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

যৌথভাবে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ-বিজিএমইএ

বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর হিসেবে তুলে ধরতে যৌথভাবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিআইটিএমএ)’ নামে একটি আন্তর্জাতিক মেলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। 

মঙ্গলবার (৪ আগস্ট) এ লক্ষ্যে রাজধানীর গুলশান ক্লাবের ‘ক্রিস্টাল প্যালেস’ মিলনায়তনে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। 

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, প্রতি বছর ঢাকায় আন্তর্জাতিক মানের এ প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে অত্যাধুনিক বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি, সর্বশেষ ফ্যাশন প্রবণতা, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, টেকসই উৎপাদন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি বাংলাদেশকে টেকসই টেক্সটাইল ও তৈরি পোশাক উৎপাদনের একটি বৈশ্বিক হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

বিটিএমএ ও বিজিএমইএর নেতারা জানান, দেশের ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনী দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর করে তুলবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

সমঝোতা স্মারকের আওতায় প্রদর্শনী পরিচালনার জন্য দুই সংগঠনের সমান প্রতিনিধিত্বে ১০ সদস্যের একটি যৌথ পরিচালনা কমিটি গঠন করা হবে। প্রতিবছর পর্যায়ক্রমে কমিটির চেয়ারম্যান পরিবর্তন হবে। প্রথম বছরে বিটিএমএ থেকে চেয়ারম্যান এবং বিজিএমইএ থেকে কো-চেয়ারম্যান মনোনীত হবেন। প্রদর্শনী থেকে অর্জিত নিট মুনাফাও দুই সংগঠনের মধ্যে যৌক্তিক ভিত্তিতে বণ্টন করা হবে।

সংগঠন দুটির প্রত্যাশা, এই যৌথ আন্তর্জাতিক মেলা বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বৈশ্বিক বাজারে দেশের ব্র্যান্ডিং ও রফতানি সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর