বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডিবিএলের কারখানা বন্ধের খবর ‘ভুয়া’, উৎপাদন স্বাভাবিক: বিজিএমইএ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম

শেয়ার করুন:

ডিবিএলের কারখানা বন্ধের খবর ‘ভুয়া’, উৎপাদন স্বাভাবিক: বিজিএমইএ

ডিবিএল গ্রুপসহ দেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানা বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে— এমন তথ্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, ডিবিএল গ্রুপের কারখানাগুলো বন্ধ হয়নি এবং অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ’র মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম বলেন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে কিছু সীমাবদ্ধতা থাকলেও সরকারের সহযোগিতায় সদস্যভুক্ত অধিকাংশ কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। বর্তমানে বেশির ভাগ কারখানাই তাদের সক্ষমতার ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ৫ আগস্টের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে অনেক কারখানায় সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে এটি পূর্বনির্ধারিত ছুটির অংশ; গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই এসব ছুটিকে কারখানা বন্ধ হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর।

বিজিএমইএ আরও জানায়, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ দেশি-বিদেশি ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেয়। এতে দেশের তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এই খাতের ওপর নির্ভরশীল লাখো শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকিতে পড়তে পারে।

তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান রফতানি খাত উল্লেখ করে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিএমইএ’র একটি অফিসিয়াল প্রেস রিলিজ গ্রুপে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে একটি বার্তা ছড়িয়ে পড়ে। ওই বার্তায় ২৫ হাজার শ্রমিকের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে বলেও উল্লেখ করা হয়। তবে পরবর্তী সময়ে বিজিএমইএ নতুন বিজ্ঞপ্তি দিয়ে সেই তথ্যের ব্যাখ্যা দেয় এবং কারখানা বন্ধের খবর সঠিক নয় বলে জানায়।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর