মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

দ্বিতীয় প্রান্তিকেও রবির মুনাফার ধারাবাহিকতা, ৩ মাসে লাভ ২৬২ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় প্রান্তিকেও রবির মুনাফার ধারাবাহিকতা, ৩ মাসে লাভ ২৬২ কোটি

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশের মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এপ্রিল থেকে জুন সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা (পিএটি) হয়েছে ২৬২ দশমিক ৯ কোটি টাকা। এ সময়ে পিএটি মার্জিন ছিল ৯ দশমিক ৭ শতাংশ।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে রবির রাজস্ব দাঁড়িয়েছে ২ হাজার ৭১১ দশমিক ৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ সময়ে রবির মূলধনী বিনিয়োগ হয়েছে ৭২১ দশমিক ৬ কোটি টাকা। পাশাপাশি সরকারের কোষাগারে জমা দিয়েছে ২ হাজার দশমিক ৩ কোটি টাকা, যা ওই প্রান্তিকে কোম্পানির মোট রাজস্বের ৭৩ দশমিক ৮ শতাংশের সমান।

গ্রাহকসংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে ১২ লাখ নতুন গ্রাহক যুক্ত হওয়ায় রবির সক্রিয় গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৬ লাখে। এর মধ্যে ডেটা গ্রাহক ৪ কোটি ৬২ লাখ এবং ফোরজি গ্রাহক ৪ কোটি ২১ লাখ। একই সময়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছেন ১৭ লাখ নতুন ইন্টারনেট ব্যবহারকারী এবং ১৮ লাখ নতুন ফোরজি গ্রাহক।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সুদ, কর, অবচয় ও অ্যামর্টাইজেশন-পূর্ব আয় (ইবিআইটিডিএ) দাঁড়িয়েছে ১ হাজার ৪৯২ দশমিক ৫ কোটি টাকা, যা ৫৫ শতাংশ মার্জিনসহ আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেশি। ইবিআইটিডিএ মার্জিনও বেড়েছে ২ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট।

এদিকে, রবির ফোরজি সাইটের সংখ্যা ১৯ হাজার ৬০০ ছাড়িয়েছে। এর মাধ্যমে দেশের ৯৮ দশমিক ৯৮ শতাংশ মানুষকে ফোরজি নেটওয়ার্ক কভারেজের আওতায় আনার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের প্রথম ছয় মাসে রবির মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫ হাজার ২৪২ দশমিক ৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেশি। এ সময়ে ভয়েস রাজস্ব বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ এবং ডেটা রাজস্ব বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।

জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানিটির ইবিআইটিডিএ হয়েছে ২ হাজার ৮৪২ দশমিক ৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৭ শতাংশ বেশি। প্রথমার্ধে ইবিআইটিডিএ মার্জিন ছিল ৫৪ দশমিক ২ শতাংশ। একই সময়ে সরকারের কোষাগারে জমা দিয়েছে ৩ হাজার ৬৬৬ দশমিক ৬ কোটি টাকা, যা মোট রাজস্বের ৬৯ দশমিক ৯ শতাংশ।

প্রথম ছয় মাস শেষে রবির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪৯৫ দশমিক ৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৩ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৫ পয়সা এবং মূলধনী বিনিয়োগ হয়েছে ১ হাজার ৭১ দশমিক ১ কোটি টাকা।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, অর্থনীতিতে গতি ফিরে আসার স্পষ্ট ইঙ্গিত মিলছে। দ্বিতীয় প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় রাজস্ব ও মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন ডেটা ও ফোরজি গ্রাহক যুক্ত হওয়া এবং ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ডেটা ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ডেটা রাজস্বও বেড়েছে।

তিনি বলেন, বর্তমানে রবির সক্রিয় গ্রাহকদের ৭২ শতাংশ ফোরজি ব্যবহারকারী। কোম্পানির মোট রাজস্বে ডেটা থেকে আসা আয়ের অংশ এখন প্রায় ভয়েস রাজস্বের সমপর্যায়ে পৌঁছেছে। এটি ডিজিটাল যুগে গ্রাহকদের কাছে রবির অবস্থান আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়।

জাতীয় বাজেটে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা রাখায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জিয়াদ সাতারা বলেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার সরকারি লক্ষ্য সময়োপযোগী। বিদেশি বিনিয়োগের সুযোগ আরও উন্মুক্ত করা গেলে এ লক্ষ্য অর্জন সহজ হবে।

তিনি আরও বলেন, সিম কর ও সিম রিপ্লেসমেন্ট কর প্রত্যাহারের মাধ্যমে সরকার নীতি বাস্তবায়নের আন্তরিকতার পরিচয় দিয়েছে। পাশাপাশি বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণোদনার সিদ্ধান্ত রবির নেট-জিরো লক্ষ্য অর্জনের পথকে আরও ত্বরান্বিত করবে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর