মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

এআই দিয়ে শনাক্ত হবে নিত্যপণ্যের আগাম সংকট: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির

১০ বছরের বাজার তথ্য বিশ্লেষণ করে এআই প্রযুক্তি সম্ভাব্য সংকট আগেই শনাক্ত করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় ও সংবেদনশীল পণ্যের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এআই ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। 

তিনি বলেন, ‘কৃষি, খাদ্য, শিল্পসহ বিভিন্ন খাতে সংবেদনশীল পণ্য নিয়ে একাধিক মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। কোন পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত, কোনটি আমদানি-নির্ভর এবং কোন ক্ষেত্রে দেশীয় উৎপাদন ও আমদানির সমন্বয় রয়েছে, তা বিশ্লেষণ করে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।’

মন্ত্রী বলেন, ‘বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ অনেক সময় সরবরাহ সংকট। তাই কোনো পণ্যের উৎপাদন বা আমদানিতে সমস্যা দেখা দিলে যাতে বাজারে হঠাৎ ঘাটতি তৈরি না হয়, সে জন্য আগাম প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য শুধু দাম নিয়ন্ত্রণ নয়, বরং সরবরাহ ব্যবস্থা সচল রেখে বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা।’

বাণিজ্যমন্ত্রী জানান, ‘ডাল, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের স্থানীয় উৎপাদন, মৌসুমি ঘাটতি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং রফতানিকারক দেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করা হবে। কোনো পণ্যের উৎপাদন কম হওয়ার আশঙ্কা দেখা দিলে আগেভাগেই আমদানির পরিকল্পনা নেওয়া সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এআইভিত্তিক প্ল্যাটফর্ম ১০ বছরের বাজার তথ্য, উৎপাদন, আমদানি-রফতানি এবং আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এর মাধ্যমে কোন সময়ে কোন পণ্যের ঘাটতি তৈরি হতে পারে, কোন দেশ থেকে আমদানি করা সবচেয়ে সুবিধাজনক হবে এবং কখন আমদানি করলে ভালো মূল্য পাওয়া যাবে, সে বিষয়ে কয়েক মিনিটের মধ্যেই বিশ্লেষণ পাওয়া সম্ভব হবে।’

মন্ত্রী জানান, ‘বর্তমানে এ ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করতে দীর্ঘ সময় লাগে। কিন্তু এআই প্রযুক্তি চালু হলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক দ্রুত হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই কার্যক্রম শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কৃষি, খাদ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে এটি পরিচালিত হবে এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহারের সুযোগ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘এআইভিত্তিক ব্যবস্থাকে কার্যকর করতে নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা হবে। সরকারি তথ্যের পাশাপাশি আন্তর্জাতিক ওপেন সোর্স ও সাবস্ক্রিপশন-ভিত্তিক বিভিন্ন উৎসের তথ্যও এতে যুক্ত করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘শুরুতে এ ব্যবস্থা উন্নয়নে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে এটি মানুষের তুলনায় দ্রুত ও কার্যকর বিশ্লেষণ দিতে সক্ষম হবে। দ্রুত ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে।’

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। এই অনুষ্ঠানে ই-কমার্স খাতের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

এমআর/এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর